ভাঙনের কিনারে এসে দাঁড়িয়ে দেখি
দূরান্তের মায়া এখনো ফিরে তাকায়
শুভেচ্ছা বিনিময়ের প্রতীক্ষায়
ক্রমশ টের পাই বেলা-গড়ানো দিনের উৎসর্গপত্র
এখন আর নবীন নেই স্মৃতির গাছ-গাছালি
কেবল ভাঙচুর, ওষ্ঠ-অধরে বালি ও কাঁকরের তীক্ষ্ণ সংঘাত
জীর্ণ কাঠামোয় শুধু পুরনো- নতুনের বিষম জোড়াতালি
এখন দিক নেই, দিশা নেই
শুধুই অসাড় স্মৃতির আনাগোনা
আর বারান্দায় ঝুঁকে-থাকা বিষণ্ণ বিকেলের দীর্ঘশ্বাস
এখন সকালে রোদ এসে বসে না প্রতিদিন
বাড়ির পিছনে দু'একটা পাখি হঠাৎ উড়ে...
গভীর রাতে বাগানে ঝিঁঝি-স্বর
অথচ উত্তরের দরজাটা বন্ধ থাকে দিনভর
টের পাই অমৃতে মিশবে না গরল
নীলকণ্ঠ পাখি চলে যায় দূরে
পিছনে পড়ে থাকে জীবনের জট
দুঃখের চিরুনি পাতলা হয়ে যাওয়া চুলে এঁকে যায় মর্মবেদনার চিঠি ।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান