হাতে হাত রেখে একটু বসো, এটুকু আবদার
মাথার ওপর মেঘ জমেছে, শহরজুড়ে বৃষ্টি নামুক ।
উত্তাল হাওয়ায় এলোমেলো চুলের নকশা সরিয়ে দেখেছি,
তিরতির করে কাঁপতে থাকা তোমার চোখের পাতা ।
দেখেছি মুগ্ধ হয়ে তোমার নিস্পলক চাহনির স্নিগ্ধতা ।
চেনা পার্ক, চেনা সিট, চেনা সেই পারফিউমের সুঘ্রাণ,
ঠোঁটের ওপর ঠোঁট রেখে অন্যমনস্ক সময়যাপন ।
নিষিদ্ধ সুখ আর নোনতা স্বাদের উল্লাসে
তোমার পিঠে এঁকে দিই নখের আঁচড় ।
আর একটু জাপটে ধরো, যতটা কাছে এলে
চশমার কাঁচে আবছায়া নেমে আসে।
বৃষ্টির জলে পা ডুবিয়ে তোমার বর্ষা বুকে
ঠোঁটের মানচিত্র আঁকছি নিঃশব্দে,
তৃষ্ণার্ত প্রেমিকের মতো তোমায় গিলছি ।
টুপটাপ বৃষ্টির শব্দে নীরবতা ভগ্ন হয়, ভ্রূক্ষেপ নেই -
বুনো হাঁস কিংবা গাংচিলের দল কখন ফিরে গেছে ।
তুমি - আমি , মাঝখানে ব্যবধান একটা ছাতা
মাথার ওপর তখন মেঘের সমাবেশ ছিল না ।
হে মহাত্মা - লিখে দাও আজ
পৃথিবীর সব প্রেমিক ভালো থাকুক ।

0 মন্তব্য
আপনার মন্তব্য জানান