একটু আগে ফ্রান্স কাফকা মারা গেলেন, সোমালীনা বিছানা থেকে উঠে কফি বানাতে গেল, ও বিছানার যেদিকটা শুয়ে ছিল সেখানে চাদরটা এখনো কুঁচকানো, সারা ঘর থেকে রাত বেরিয়ে গেছে, জায়গা করে দিয়েছে অনেক আলোকে, সোমালীনার অফিসের হোয়াটসঅ্যাপ চ্যাটে একটার পর একটা মেসেজ ঢুকছে, এই স্রোতকে সমুদ্র হিংসা করে, এই বাড়াবাড়ি রকমের টেকনোলজি জরায়ুর ভিতরে ঘুমিয়ে থাকা অস্তিত্বকে গিলে ফেলতে তৎপর, ১৫ তলার উপরের বারান্দা থেকে দেখা যাচ্ছে কালো মেঘ জড়ো হচ্ছে, বৃষ্টি তেড়ে এলে সোমালীনা অকারণে ছুটোছুটি করে, ছাদে ওর জামা কাপড় মেলা নেই, ডালের বড়ি শুকোতে দেওয়া নেই, তবু এই ব্যস্ততা এক আদি কালের কথা মনে করিয়ে দেয়, পুরো উত্তর কলকাতা আজ ভিজে যাবে, আমাকে বিছানায় কফি দিয়ে যাবে, সাদা ক্যানভাসে আজ কতটুকু রঙ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবে
হয়ে উঠতে পারবে ঐরাবত থেকে কামধেনু, কল্পতরুৎসব থেকে ফিরে সোনালীনাকে ফোন দেবে ওর মাসি, মাধ্যাকর্ষণের সঙ্গে আমাদের লড়াই, গণধর্ষণের বিরুদ্ধে আমাদের মিছিল, হাওড়া ব্রিজের ওজন মেপে গঙ্গা হয়ে পদ্মা মেঘনা গিয়ে পড়বে, ওপারবঙ্গের ভাঙা মন্দিরের পাশে শ্রীখোল গড়াগড়ি যাবে, আমাদের প্রত্যেকের স্নানঘর থেকে বেরিয়ে আসবে বিদ্যা বালান, তার চুলের সুগন্ধ শিয়ালদা মেট্রোর পেছনের গলি পর্যন্ত পৌঁছাবে না

2 মন্তব্য
শান্তনু মুখোপাধ্যায়
28 Sep 2025যে লেখা চরম শূন্যের মুখোমুখি বসিয়ে পূর্ণতার ডালি ভরিয়ে দেয়❤
অনেক ধন্যবাদ
28 Sep 2025অনেক ধন্যবাদ দাদা
আপনার মন্তব্য জানান