শারদীয়া সংখ্যা ১৪৩২ | প্রকাশ: 27 September 2025 সম্পাদক: মলয় মজুমদার
কবিতা

কবিতাঃ সুদীপ্ত বিশ্বাস

--

কবিতাঃ সুদীপ্ত বিশ্বাস
27 Sep 2025
212 Views
0 0
Share:
Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

ভালবাসা যদি ফিরে পাই

 

In-article Ad Unit

ভালবাসা যদি ফিরে পাই

তবে তো নাচবো ভাই

তাধিন তাধিন...

পোড়া বিড়ি দেব ছুঁড়ে ফেলে।

ফেলে দেব তামাকের শিশি

ছেড়ে দেব সব ছাইপাঁশ

তেতো জল, বিলিতি বা দিশি।

ভালবাসা যদি ফিরে পাই

তবে তো গাইবো ভাই

গলা ছেড়ে যা আসবে মনে

বাতাসকে বলে দেব আমি কত সুখি

আকাশকে বলে দেব আমি কত সুখি

পাহাড়কে বলে দেব আমি কত সুখি

তারাদের বলে দেব আমি কত সুখি।

ভালবাসা যদি ফিরে পাই

তাহলে তো  ভাই

হয়ে যাব ফুল, পাখি, নদী।

ভালবাসা ফিরে পাই যদি -

নরম পালক নিয়ে

রামধনু রঙ মেখে এসে

বয়ে যাব তির-তির,

পাহাড়ের দেশে।

ভালবাসা যদি ফিরে পাই

তবে তো বাঁচবো ভাই

সমস্ত জীবন।

প্রতিটা মুহূর্ত বেঁচে বেঁচে

প্রতিটা শরৎ বেঁচে বেঁচে

প্রতিটা বছর বেঁচে বেঁচে

প্রতিটা দশক বেঁচে বেঁচে

তবুও তো ভরবে না মন।

বলে যাব, 'বড় ছোট এ জীবন ।'

 

বাক্যহারা

 

রাতদুপুরে আসছে উড়ে একটা দুটো স্বপ্ন পাখি

হারানো সেই সোনালি দিন, এখন একে কোথায় রাখি!

আবছা আলোয় চমকে দেখি সেই যে তুমি মেঘের মেয়ে

কলসি নিয়ে দুপুরবেলা একটু দুলে ফিরছ নেয়ে

হাল্কারঙা কল্কাশাড়ি, দুলছে বেণী ইচ্ছেমতো

স্তব্ধ চোখে থমকে থাকি, আরে এটাই সেই ছবি তো!

সেই যে যেটা হারিয়ে গেছে একটুখানি অসাবধানে

আজ পুরোটা রাখব ধরে, আজকে লিখে রাখব প্রাণে।

গভীর রাতে আবছা আলো, হতেও পারে চোখের ভুল

বলো না তুমি সত্যি করে,তুমি কি সেই টগরফুল?

যাচ্ছে খুলে স্মৃতির পাতা,ডাগর চোখে দেখছি খালি

অরফিউস ও ইউরিডিসি, বুদ্ধদেব ও আম্রপালি...

স্বর্গ বুঝি আসল নেমে আবছা আলো ঘরের কোণে

না বলা কথা অনেক ছিল পড়ছে না যে কিছুই মনে।

হঠাৎ দেখি কাঁদছ তুমি, তোমার চোখে অশ্রুধারা

তোমার মুখে আমার ছায়া আনন্দেতে বাক্যহারা

Responsive Ad Unit (e.g., 728x90 or 320x100)

0 মন্তব্য

আপনার মন্তব্য জানান

সর্বাধিক পছন্দের লেখা

সর্বাধিক পঠিত লেখা